হাওজা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী, কোমের ধর্মতাত্ত্বিক শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর শিক্ষক পরিষদের প্রধান আয়াতুল্লাহ সাইয়্যেদ হাশেম হোসেইনি বুশেহরি আজ সকালে জাতীয় সম্প্রচার সংস্থা (আইআরআইবি)-এর প্রধান পেইমান জেবেলির সঙ্গে সাক্ষাৎকালে শত্রুদের নরম যুদ্ধ মোকাবিলায় রাষ্ট্রীয় গণমাধ্যমের ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।
তিনি বলেন, রাষ্ট্রীয় গণমাধ্যমকে সমাজের বিশ্বাস ও চিন্তাগত পরিচয় শক্তিশালী করার মাধ্যমে আশাবাদ সৃষ্টির কেন্দ্র হিসেবে কাজ করতে হবে এবং জাতীয় ঐক্য ও সংহতি রক্ষায় কার্যকর ভূমিকা পালন করতে হবে।
সাক্ষাৎকালে বিশেষজ্ঞ পরিষদের উপপ্রধান প্রতিরোধ বাহিনী (বাসিজ) প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুভেচ্ছা জানান। পাশাপাশি ১২ দিনের যুদ্ধ, রমজান যুদ্ধ এবং বর্তমান পরিস্থিতিতেও রাষ্ট্রীয় গণমাধ্যমের ধারাবাহিক কার্যক্রমের প্রশংসা করেন।
তিনি বলেন, দেশের সবচেয়ে বড় সামাজিক সম্পদ হলো জনগণের ঐক্য ও সংহতি। তা রক্ষায় রাষ্ট্রীয় গণমাধ্যমকে সর্বাত্মক প্রচেষ্টা চালাতে হবে।
আয়াতুল্লাহ হোসেইনি বুশেহরি বলেন, গণমাধ্যম সব সময়ই সক্রিয় ও পরিশ্রমী ভূমিকা পালন করে আসছে। বিশেষ করে বর্তমান পরিস্থিতিতে তাদের নিরলস প্রচেষ্টা আরও বেশি দৃশ্যমান হচ্ছে। তিনি আশা প্রকাশ করেন, রাষ্ট্রীয় ব্যবস্থার সামাজিক সম্পদ হিসেবে জনগণের আস্থা রক্ষায় গণমাধ্যম সফল হবে।
১২ দিনের যুদ্ধ, রমজান যুদ্ধ এবং অর্থনৈতিক অবরোধের মাধ্যমে দেশকে আঘাত করার শত্রুদের প্রচেষ্টার কথা উল্লেখ করে তিনি পবিত্র কোরআনের এই আয়াত উদ্ধৃত করেন:
‘তারা নিজেদের মুখের ফুঁ দিয়ে আল্লাহর আলো নিভিয়ে দিতে চায়। অথচ কাফিররা অপছন্দ করলেও আল্লাহ তাঁর আলোকে পূর্ণতা দান করবেন।’ (সূরা সফ, আয়াত: ৮)
কোমের জুমার নামাজের ইমাম জাতীয় সম্প্রচার সংস্থার কাচের ভবনে ইহুদিবাদী ইসরাইলি শাসকগোষ্ঠীর হামলার প্রসঙ্গে বলেন, ইরান হলো শিয়াদের ঘর। ইমাম মাহদি (আ.) এই দেশকে রক্ষা করবেন।
তিনি আরও বলেন, নরম যুদ্ধে আমাদের তরুণ ও মেধাবীদের মন-মস্তিষ্ক এবং চিন্তাশক্তিকে ধ্বংস করা হচ্ছে। এ ক্ষেত্রে রাষ্ট্রীয় গণমাধ্যমের দায়িত্ব অত্যন্ত গুরুতর।
তিনি বলেন, আমাদের যোদ্ধারা পবিত্র প্রতিরক্ষা যুদ্ধে (ইরান-ইরাক যুদ্ধ) আট বছর বীরত্বের সঙ্গে লড়াই করেছেন এবং শাহাদাত বরণ করেছেন। তাঁদের আত্মত্যাগের ফলে সমাজে অসংখ্য নতুন সম্ভাবনা ও অগ্রগতির পথ সৃষ্টি হয়েছে। কিন্তু নরম যুদ্ধে যদি কেউ আদর্শ ও বিশ্বাস থেকে বিচ্যুত হয়, তাহলে সেই ক্ষতির বিপরীতে নতুন কোনো ইতিবাচক অর্জন তৈরি হয় না।
নরম যুদ্ধ তরুণ প্রজন্মের চিন্তাগত পরিচয় ও বিশ্বাসকে লক্ষ্যবস্তু করেছে
কোমের ধর্মতাত্ত্বিক শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর শিক্ষক পরিষদের প্রধান আরও বলেন, তথ্য প্রচার ও বিনোদনই শুধু রাষ্ট্রীয় সম্প্রচার সংস্থার দায়িত্ব নয়। বর্তমানে শত্রুরা নরম যুদ্ধের মাধ্যমে মানুষের চিন্তাগত পরিচয়, দৃষ্টিভঙ্গি ও বিশ্বাসকে লক্ষ্যবস্তুতে পরিণত করেছে।
তিনি বলেন, প্রচলিত বা সামরিক যুদ্ধে মূলত সীমান্ত, বাড়িঘর ও এ ধরনের স্থাপনাকে লক্ষ্যবস্তু করা হয়। কিন্তু নরম যুদ্ধে শত্রুরা মানুষের ঘরের অন্দরমহল পর্যন্ত প্রবেশ করে।
ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠানের সহযোগিতায় শক্তিশালী সাংস্কৃতিক ও গণমাধ্যমভিত্তিক ফ্রন্ট গড়ে তুলতে হবে
তিনি নরম যুদ্ধকে অভ্যন্তরীণ বিভেদ সৃষ্টির অন্যতম মাধ্যম হিসেবে উল্লেখ করেন। এ প্রসঙ্গে তিনি বলেন, শহীদ বিপ্লবের সর্বোচ্চ নেতা ভার্চুয়াল জগতকে তরুণদের জন্য একটি হত্যাক্ষেত্র হিসেবে অভিহিত করেছিলেন।
তিনি আরও বলেন, রাষ্ট্রীয় সম্প্রচার সংস্থাকে ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর সহযোগিতায় একটি শক্তিশালী সাংস্কৃতিক ও গণমাধ্যমভিত্তিক ফ্রন্ট গড়ে তুলতে হবে। কারণ বর্তমান পরিস্থিতিতে দেশের অভ্যন্তরীণ প্রয়োজন এবং শত্রুদের মোকাবিলা-উভয় ক্ষেত্রেই এটি অত্যন্ত জরুরি।
শত্রুদের নরম যুদ্ধ মোকাবিলায় সমাজের চিন্তাগত ভিত্তি শক্তিশালী করা জরুরি
আয়াতুল্লাহ হোসেইনি বুশেহরি বিপ্লবী চেতনা, মূল্যবোধ এবং স্বাধীনতার মানসিকতাকে ইসলামী বিপ্লবের মূল ভিত্তি হিসেবে উল্লেখ করে বলেন, দর্শকদের চিন্তাগত ও উপলব্ধিগত কাঠামোর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ অনুষ্ঠান তৈরি করতে হবে। এর মাধ্যমে সমাজের চিন্তাগত ভিত্তি শক্তিশালী করতে হবে, যাতে শত্রুদের প্রচারিত বিষয়বস্তু তরুণ প্রজন্মের চিন্তা ও মননে প্রভাব বিস্তার করতে না পারে।
গণমাধ্যমকে বিশ্বের সর্বশেষ পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে আধুনিকায়নের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, পবিত্র কোরআনের এই নির্দেশনা-
‘তোমরা তাদের মোকাবিলার জন্য যথাসাধ্য শক্তি প্রস্তুত রাখো।’ (সূরা আনফাল, আয়াত: ৬০)
-শুধু যুদ্ধের ময়দানের জন্য প্রযোজ্য নয়।
কোমের ধর্মতাত্ত্বিক শিক্ষাপ্রতিষ্ঠানের এই শিক্ষক আকর্ষণীয় অডিও ও ভিডিও অনুষ্ঠান তৈরির গুরুত্ব তুলে ধরে রাষ্ট্রীয় সম্প্রচার সংস্থার কর্মকর্তাদের উদ্দেশে বলেন, আকর্ষণীয় ও সময়োপযোগী অনুষ্ঠান তৈরি করতে হবে। এমনভাবে কাজ করতে হবে, যাতে শত্রুরা হতাশ হয়ে পড়ে এবং উপলব্ধি করে যে, ইসলামী প্রজাতন্ত্র ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমই বক্তব্য ও প্রচারের ক্ষেত্রে নেতৃত্ব দিচ্ছে।
রাষ্ট্রীয় গণমাধ্যমকে আশা ও জনসচেতনতা সৃষ্টির কেন্দ্রে পরিণত হতে হবে
তিনি বলেন, রাষ্ট্রীয় গণমাধ্যমকে সমাজের জনসচেতনতা বৃদ্ধির প্রধান কেন্দ্রে পরিণত হতে হবে। একই সঙ্গে এটিকে আশাবাদ সৃষ্টির কেন্দ্র হিসেবেও গড়ে তুলতে হবে। হতাশাকে কবিরা গুনাহ বা মহাপাপ হিসেবে গণ্য করার বিষয়টি প্রমাণ করে যে, সমাজে আশার গুরুত্ব কতটা অপরিসীম।
এ ছাড়া কোমের ধর্মতাত্ত্বিক শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর শিক্ষক পরিষদের প্রধান এ সাক্ষাৎকারে বিশ্ববিদ্যালয়, ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠান, আলেম সমাজ ও মারজায়ে তাকলিদদের সঠিক পরিচয় তুলে ধরার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি ইরানের প্রতি ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর পারস্পরিক অবদান ও সেবার বিষয়গুলো ব্যাখ্যা করার কথাও বলেন।
সাক্ষাৎকারের শেষ পর্যায়ে বিশেষজ্ঞ পরিষদের উপপ্রধান বলেন, বিশেষজ্ঞ পরিষদ অত্যন্ত কঠিন পরিস্থিতির মধ্যেও নিজেদের দায়িত্ব পালন করেছে। তিনি বলেন, আল্লাহর সাহায্যে একজন যোগ্য নেতাকে নির্বাচিত করা সম্ভব হয়েছে। এখন রাষ্ট্রীয় গণমাধ্যমের দায়িত্ব হলো, বিশেষজ্ঞ পরিষদের শুরু করা এই কাজকে আরও এগিয়ে নেওয়া এবং সর্বোচ্চ নেতার (রহ.) পরিচিতি ও ব্যক্তিত্ব আরও ব্যাপকভাবে তুলে ধরা।
যুদ্ধকালীন পরিস্থিতিতে রাষ্ট্রীয় সম্প্রচার সংস্থার কর্মীরা সমাজে আশার সঞ্চার করেছেন
সাক্ষাৎকারের শুরুতে রাষ্ট্রীয় সম্প্রচার সংস্থা (আইআরআইবি)-এর প্রধান পেইমান জেবেলি বলেন, বর্তমানে দেশের যে মর্যাদা ও শক্তিমত্তা প্রতিষ্ঠিত হয়েছে, তা ইসলামী বিপ্লব, ইমাম খোমেনি (রহ.) এবং শহীদ নেতার নেতৃত্বের ফল।
তিনি বলেন, বিশেষজ্ঞ পরিষদ অত্যন্ত ব্যতিক্রমী ও কঠিন পরিস্থিতিতে আত্মত্যাগ এবং জীবন উৎসর্গের মানসিকতা নিয়ে সর্বোচ্চ নেতা নির্বাচনের ঐতিহাসিক দায়িত্ব পালন করেছে।
রাষ্ট্রীয় গণমাধ্যমের রূপান্তর ও সংস্কার কার্যক্রমের কথা উল্লেখ করে তিনি বলেন, রাষ্ট্রীয় গণমাধ্যমের জন্য নির্ধারিত চারটি দায়িত্ব হলো-বিশ্ববিদ্যালয়, সংগ্রামের ময়দান, কেন্দ্রীয় নেতৃত্বের ঘাঁটি এবং স্বস্তি ও প্রশান্তির আশ্রয়স্থল হিসেবে কাজ করা। পরিচয় ও ন্যায়বিচারভিত্তিক দৃষ্টিভঙ্গির পরিবর্তনের পাশাপাশি প্রতিষ্ঠানটি শত্রুদের কঠিনতম যুদ্ধেরও মুখোমুখি হয়েছে।
জেবেলি বলেন, রাষ্ট্রীয় সম্প্রচার সংস্থার কর্মী, স্টুডিও ও ভবনগুলো যখন হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছিল, তখনও প্রতিষ্ঠানটি কার্যক্রম অব্যাহত রেখেছিল। সবচেয়ে কঠিন পরিস্থিতিতেও সমাজে শান্তি, আশা ও প্রস্তুতি বজায় রাখা ছিল রাষ্ট্রীয় গণমাধ্যমের অন্যতম দায়িত্ব। এ প্রতিষ্ঠানের কর্মীরা দৃঢ় অবস্থান বজায় রেখে সমাজে আশা ও প্রাণচাঞ্চল্য সঞ্চার করেছেন।
রাষ্ট্রীয় সম্প্রচার সংস্থার প্রধান শত্রুদের নরম যুদ্ধ এবং ইসলামী বিপ্লবের আদর্শিক বক্তব্য ও বেলায়াতে ফকিহের কাঠামো অতিক্রম করার প্রচেষ্টার কথা উল্লেখ করে এসব তৎপরতার যথাযথ মোকাবিলার ওপর গুরুত্বারোপ করেন।
এ সাক্ষাৎকারে ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা হযরত আয়াতুল্লাহ সাইয়্যেদ মোজতবা হোসেইনি খামেনেয়ীর ব্যক্তিত্ব আরও ব্যাপকভাবে তুলে ধরা এবং তাঁর নেতৃত্বের বৈশিষ্ট্যগুলো জনগণের সামনে ব্যাখ্যা করার ক্ষেত্রে রাষ্ট্রীয় গণমাধ্যমের ভূমিকার ওপরও গুরুত্বারোপ করা হয়।
আপনার কমেন্ট